৬ দাবির পর ৪ দাবি নিয়ে ফের উপাচার্যের কাছে পাবিপ্রবি ছাত্রদল
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের কাছে ফের স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগে ৬ দফা দাবি নিয়ে স্মারকলিপি দেওয়ার পর এবার ৪ দফা দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, একাডেমিক কার্যক্রম, ধর্মীয় অনুশীলন এবং শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষার সুযোগসহ ক্যাম্পাসের বিভিন্ন সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়েছে
১. আধুনিক ও মানসম্মত জিমনেশিয়াম স্থাপন। ২. কেন্দ্রীয় লাইব্রেরি সপ্তাহে সাত দিন চালু রাখা। ৩. কেন্দ্রীয় লাইব্রেরির পাশে নির্দিষ্ট নামাজের স্থান করা। ৪. শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তান ও স্থানীয় শিশুদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কুল প্রতিষ্ঠা।
এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহীমূল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. অলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক, প্রচার সম্পাদক রুমেল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ৬ দাবি জানায় ছাত্রদল। ছাত্রদলের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ম্যুরাল সংস্কার ও পুনরুদ্ধার, বিশ্ববিদ্যালয়ের বাসে ভেহিকল ট্র্যাকিং ব্যবস্থা চালু, পরীক্ষার ফি ও হল ফিসহ সব ধরনের ফি অনলাইনে পরিশোধের ব্যবস্থা, জুলাই-৬ ও গণতন্ত্র হলের শিক্ষার্থীদের জন্য ফ্যানের সংযোগ, একাডেমিক ভবনগুলোতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাসের সংখ্যা বৃদ্ধি করা।