জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সিন্ডিকেটে সরকার কর্তৃক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে এ মনোনয়ন প্রদান করা হয়।
গত ১৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত আদেশে জানানো হয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭-এর ধারা ১৮ (১) (ঝ) এবং ১৮ (২) অনুযায়ী তাঁকে আগামী ০২ (দুই) বছরের জন্য সিন্ডিকেটের ‘শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত প্রতিনিধি’ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করে মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যপদে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের। আমার ওপর একটি বড় দায়িত্ব অর্পিত হয়েছে। এই প্রতিষ্ঠানটিকে একটি পরিপূর্ণ ও আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই এখন আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের উপযোগী একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাবিপ্রবিকে গড়ে তুলতে সিন্ডিকেট সদস্য হিসেবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থায় তাঁর যুক্ত হওয়া জাবিপ্রবির প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও নীতিনির্ধারণী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।