হাবিপ্রবি টিএসসিতে বাড়ছে শিক্ষার্থীর চাপ, বাড়েনি বসার ব্যবস্থা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের (টিএসসি) ধারণক্ষমতার তুলনায় শিক্ষার্থীর চাপ বাড়লেও বাড়েনি বসার ব্যবস্থা। ফলে প্রতিদিন টিএসসিতে এসে পর্যাপ্ত চেয়ার না পেয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে। কেউ কেউ বাধ্য হয়ে মেঝেতে বসেই পড়াশোনা ও প্রয়োজনীয় কাজ সারছেন।
সরেজমিনে টিএসসিতে গিয়ে দেখা যায়, একাডেমিক কাজ, প্রজেক্ট, গ্রুপ স্টাডিসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন। তবে শিক্ষার্থীর এই বাড়তি চাপের বিপরীতে পর্যাপ্ত চেয়ার না থাকায় অনেকেই বসার সুযোগ পাচ্ছেন না। ফলে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছেন, আবার কেউ মেঝেতে বসেই কাজ চালিয়ে নিচ্ছেন।
সম্প্রতি তীব্র গরম ও ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন মেসে লোডশেডিংয়ের কারণে শীতাতপনিয়ন্ত্রিত টিএসসির প্রতি শিক্ষার্থীদের নির্ভরতা আরও বেড়েছে। লাইব্রেরিতে জায়গা না পাওয়া অনেক শিক্ষার্থীও পড়াশোনার জন্য টিএসসিকে বেছে নিচ্ছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নানা কার্যক্রমও নিয়মিত অনুষ্ঠিত হয় এখানে।
প্রায় এক বছর আগে পুরো টিএসসি শীতাতপনিয়ন্ত্রিত করা হয় এবং পুরোনো টেবিলের পরিবর্তে নতুন টেবিল স্থাপন করা হয়। তবে শিক্ষার্থীর ক্রমবর্ধমান চাপ বিবেচনায় আসন সংখ্যা বাড়ানোর কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে দিন দিন প্রকট হয়ে উঠছে চেয়ার সংকট।
টিএসসিতে আসা শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, এসি থাকার কারণে আগের তুলনায় এখন অনেক বেশি শিক্ষার্থী টিএসসিতে আসেন। কিন্তু পর্যাপ্ত চেয়ার না থাকায় বসার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। কখনো কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরও জায়গা পাওয়া যায় না।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকারের ক্ষতি ১৬৩ কোটি
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, টিএসসিতে আগেও চেয়ার সংকট ছিল। তবে শীতাতপনিয়ন্ত্রিত হওয়ার পর শিক্ষার্থীদের উপস্থিতি আরও বেড়েছে। বিশেষ করে মেসে লোডশেডিং হলে সবাই এখানে চলে আসে। অনেক সময় ১৫ মিনিট বা তারও বেশি সময় দাঁড়িয়ে থেকেও বসার জায়গা পাওয়া যায় না।
চেয়ার সংকটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা টিএসসির কিছু চেয়ার নিজেদের কক্ষে নিয়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে।
তিনি বলেন, চেয়ার সংখ্যা বাড়ানোর জন্য আমরা উদ্যোগ নেব। তবে নতুন চেয়ার দেওয়ার আগে বিভিন্ন হলের কক্ষে থাকা টিএসসির চেয়ারগুলো ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এ বিষয়ে দ্রুত হল সুপারদের নির্দেশনা দেওয়া হবে। চেয়ারগুলো ফেরত আনা গেলে সংকট অনেকটাই কমে আসবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতাও প্রয়োজন।