শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে রাজনীতি না করার নির্দেশ হুইপের
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে স্লোগান দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের একটি অংশ। পরে বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কুয়েটের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ক্যাম্পাসে আসেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রীর গাড়ি কুয়েট অডিটোরিয়ামের সামনে পৌঁছালে গাড়িকে ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত একদল শিক্ষার্থীকে ‘কুয়েট শাখা ছাত্রদল, জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়।
এদিকে দুপুরের পর কুয়েট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, এটি একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস। আমি চাই, এই রাজনীতিমুক্ত ক্যাম্পাস সম্পূর্ণভাবে কর্তৃপক্ষ বাস্তবায়ন করবেন। কোনোভাবেই এই ক্যাম্পাসে প্রকাশ্যে হোক, গুপ্ত অবস্থায় হোক, রাজনীতি করা যাবে না। সভায় শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে। তাদের অভিভাবকেরা আশা করেন, সন্তানরা বিশ্ববিদ্যালয়ে নিরাপদ পরিবেশে পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে এবং ভবিষ্যতে দেশের ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে। কোনো অভিভাবকই চান না, সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে তার নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে।
তবে শিক্ষার্থীদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। হুইপ বলেন, তার মানে এই নয় যে আমাদের ছাত্র-ছাত্রীরা রাজনীতিবিমুখ থাকবেন। অবশ্যই রাজনীতি সম্পর্কে তাদের জ্ঞান অর্জন করতে হবে। আজকের আধুনিক যুগে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার অনেক উপায় আছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসকে অরাজনৈতিক রাখার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যাবে না।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা, রাজনৈতিক মতামত ও মতাদর্শ থাকতেই পারে। তবে অন্যের মতামতের স্বাধীনতা ও ভিন্নমতকে সম্মান করতে হবে।
হুইপ বলেন, আমরা তাই ভয়মুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে চাই। কাউকে ট্যাগ দিয়ে তার মতামতকে দাবিয়ে রাখা কিংবা তাকে মানসিকভাবে পর্যুদস্ত করে তার প্রতিভা নষ্ট করা যাবে না। ভয়হীনভাবে, স্বাধীনভাবে প্রতিটি ছেলে এখানে লেখাপড়া করবে, মুক্ত পরিবেশে তার স্বাধীন মত প্রকাশ করবে এবং অন্যের মতকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে।
তিনি বলেন, এমন পরিবেশ তৈরি হলে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা, সৌজন্যতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে।
উল্লেখ্য, কুয়েটের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।