বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানের আন্দোলনকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’—স্লোগানকে সামনে রেখে বাঁধন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইউনিটের উদ্যোগে ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিনামূল্যে ৪৩০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও ৯০ জনের ডায়াবেটিক পরীক্ষা করানো হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলে দুপুর ২টা পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। তিনি বলেন, ‘রক্তের গ্রুপ জানা সবার জন্যই জরুরি। এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের কারও রক্তের প্রয়োজন হলে বাঁধন সবসময় পাশে পাওয়া যায়।’ এ সময় শিক্ষার্থীদের চোখ পরীক্ষার জন্য ক্যাম্প আয়োজনের বিষয়েও তিনি আশ্বস্ত করেন।
এছাড়াও কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষার্থী কল্যাণ পরিচালকসহ অন্যান্য শিক্ষকরা। এসময় তাঁরা রক্তের গ্রুপ ও ডায়াবেটিক পরীক্ষা করান।
বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি পিয়াল আহমেদ বলেন, ‘জরুরি মুহূর্তে সঠিক সময়ে রক্তের ব্যবস্থা জীবন বাঁচাতে পারে। রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নতুন কর্মী সংগ্রহের লক্ষ্যেই আজকের এই আয়োজন। বুটেক্সের প্রতিটি শিক্ষার্থীকে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানাই।’
সংগঠনের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মারুফ বলেন, ‘বুটেক্স বাঁধন ইউনিট নিয়মিত বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং মানবিক কার্যক্রমে সম্পৃক্ত করাও আমাদের অন্যতম উদ্দেশ্য। নতুনদের অংশগ্রহণের মাধ্যমে এ মানবিক কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’
মানবতার সেবায় স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানোই বাঁধনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।