৩০ আগস্ট ২০২৬, ১৭:১৮

জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মুসলিম, সম্পাদক জসিম

মুসলিম ইবনে রবি ও মো. জসিম উদ্দিন  © সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি ও সাধারণ সম্পাদক পদে ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ রবিবার (৩০ আগস্ট) উৎসবমুখর পরিবেশে সাংবাদিক সমিতির কার্যালয়ে (নকশীকাঁথা ভবন) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে আজ দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।

ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, নতুন কমিটির অন্য পদগুলোর মধ্যে সহসভাপতি পদে এডুকেশন টাইমসের আল শাহরিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়া পোস্টের মো. নাঈম ইসলাম, অর্থ সম্পাদক পদে দ্য ডেইলি চেক পোস্টের  মো. ইকরাম মাহমুদ প্রধান এবং দপ্তর সম্পাদক পদে দ্যা স্টুডেন্ট জার্নালের মিরাজ হোসেন নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুরনিউজ২৪ ডটকমে মো. মিরাজুল ইসলাম, দ্য ডেইলি ক্যাম্পামের মো. বেলাল হোসাইন এবং নবধারার আহাদুজ্জামান অনন্ত। প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ সাদীকুর রহমান জানান, সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ০৯-এ বর্ণিত নির্বাচনী বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।

ভোট গ্রহণ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন। তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ইফতেখাইরুল ইফতি ও আমান উল্লাহ; বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদ ও সেক্রেটারি ফাহাদ আহমদ এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক লিটন আকন্দসহ সংগঠন গুলোর অন্য নেতারা উপস্থিত ছিলেন।

পাশাপাশি স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারাও ক্যাম্পাসে এসে নির্বাচন পর্যবেক্ষণ করেন। এ সময় জামালপুর জেলা প্রেসক্লাব, প্রেসক্লাব জামালপুর এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির নেতারা উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।