২৮ আগস্ট ২০২৬, ১৬:১৪

নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষ ও সাংবাদিক হেনস্তা: তদন্ত প্রতিবেদন দাখিল রবিবার

টিডিসি ফাইল ছবি  © টিডিসি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিক হেনস্তা ও বহিরাগতদের তাণ্ডবের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আগামী রবিবার (৩০ আগস্ট) জমা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও নোবিপ্রবি ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।

এর আগে নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের স্বার্থে সময় আবেদনের প্রেক্ষিতে কমিটির সময়সীমা ২৩ আগস্ট থেকে তিন কার্যদিবস বৃদ্ধি করে ২৭ আগস্ট করা হয়েছিল। বর্ধিত সময় শেষে রবিবারই প্রশাসন বরাবর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সংশ্লিষ্টরা।

কমিটি সূত্রে জানা গেছে, সাংবাদিক হেনস্তা, ছাত্রদলের নিজেদের ভেতর সংঘাত ও বহিরাগতদের হামলার ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে প্রত্যক্ষদর্শী, আহত শিক্ষার্থী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাক্ষাৎকার ও লিখিত বক্তব্য গ্রহণ শেষ করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিবিড়ভাবে বিশ্লেষণ করা হয়েছে। সব তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ রিপোর্ট তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তদন্ত প্রতিবেদনের বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও নোবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলেছি এবং প্রাপ্ত প্রমাণাদি যাচাই-বাছাই সম্পন্ন করেছি। রবিবারেই প্রশাসনের কাছে সম্পূর্ণ তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১৮ আগস্ট গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলে সিট পরিবর্তন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নোবিপ্রবি শাখা ছাত্রদলের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জের ধরে ঐদিন দুপুরেই  বহিরাগতদের নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, হামলার ঘটনা ঘটে এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হেনস্তার শিকার হন। ওই দিনই ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।