২৬ আগস্ট ২০২৬, ০৮:৪০

জাবিপ্রবিতে আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন গণিত বিভাগ

‘শহীদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শিরোপা জিতেছে গণিত বিভাগ।  © টিডিসি ফটো

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত ‘শহীদ আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শিরোপা জিতেছে গণিত বিভাগ। মঙ্গলবার (২৫ আগস্ট) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে সমাজকর্ম বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিভাগটি।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফাইনাল ম্যাচ ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়। দুপুর গড়িয়ে বিকেল হতেই মাঠের চারপাশে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থীরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। প্রথমার্ধেই গণিত বিভাগের হয়ে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ৭ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড মো. জাহিদুল ইসলাম (হামিম)।

ম্যাচের ১৩ মিনিটে দারুণ এক শটে গোল করে গণিত বিভাগকে এগিয়ে দেন হামিম। ২৪ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ফলে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থাকে গণিত বিভাগ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সমাজকর্ম বিভাগ। আক্রমণের ধার বাড়িয়ে এক গোল শোধও করে তারা। দলের হয়ে গোলটি করেন রাকিব। এরপর ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে খেললেও গণিত বিভাগের দৃঢ় রক্ষণভাগ ভেদ করতে পারেনি সমাজকর্ম বিভাগ।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন গণিত বিভাগের খেলোয়াড় ও সমর্থকেরা।

খেলা শেষে মাঠেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাইনালে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গণিত বিভাগের হামিম নির্বাচিত হন ‘ম্যান অব দ্য ম্যাচ’। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষককেও বিশেষ ক্রেস্ট দেওয়া হয়। পরে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ও রানার্সআপ সমাজকর্ম বিভাগের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, বিজয়ী ও বিজিত দুই দলকেই অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশে সুস্থ ধারার ক্রীড়াচর্চা অব্যাহত রাখতে হবে।’ এর আগে তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ক্রীড়া দপ্তরের (শরীরচর্চা ও শিক্ষা বিভাগ) ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. সৈয়দ নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।