ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে মানববন্ধন
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলা, প্রাণনাশের হুমকি ও চেম্বার ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২১ আগস্ট সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশে অবস্থিত ‘ডক্টরস পেট কেয়ার’ নামের ভেটেরিনারি চেম্বারে ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে মারধরের পাশাপাশি চেম্বারে ভাঙচুর চালানো হয়। এর আগে ২০ আগস্ট কেওয়াটখালি বাজারে অবস্থিত ডা. মো. আব্দুল হান্নানের ‘ভেট অ্যান্ড পেট কেয়ার ময়মনসিংহ’ চেম্বারেও একই ব্যক্তিরা হামলা করেন। ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. আব্দুল হান্নান উভয়েই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রাক্তন শিক্ষার্থী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. রাকিবুল ইসলাম, প্যাথোলজি ও প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর রওশন আক্তার, মেডিসিন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক ইসলাম ও অধ্যাপক ড. বেগম ফাতেমা জোহরা, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. খালেদ হোসাইনসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন ভেটেরিনারি চিকিৎসকের কর্মস্থলে প্রবেশ করে তার ওপর হামলা ও মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা চিকিৎসকদের নিরাপত্তা ও পেশাগত পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় অধ্যাপক ড. এস এম হারুন অর রশীদ বলেন, আমরা যদি প্রাণিস্বাস্থ্য নিশ্চিত করতে না পারি, তাহলে এ দেশের জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। সুতরাং এ ধরনের হুমকি কারও জন্যই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। ভেটেরিনারি-সংশ্লিষ্ট সংগঠন ও ভেটেরিনারি কাউন্সিলকেও এসব বিষয়ে সক্রিয় হতে হবে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করতে হবে।
ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. রাকিবুল ইসলাম বলেন, আমরা ভেটেরিনারিয়ানরা রুট লেভেলে কাজ করি। দেশের প্রাণিসম্পদের দেখভাল আমরাই করি। কিন্তু এ ধরনের সমস্যায় পড়লে আমরা কীভাবে কাজ করব? আবার সবকিছুরই একটি আইনি প্রক্রিয়া আছে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা না নিয়ে এভাবে একজন লাইসেন্সপ্রাপ্ত ভেটেরিনারি চিকিৎসকের ওপর চাইলেই আক্রমণ করা যায় না। আমরা দিনাজপুরে এ সেক্টরে কর্মরত সবাইকে নিয়ে বড় একটি আন্দোলন গড়ে তুলব। প্রয়োজনে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে স্মারকলিপি দেব। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটলে আমরা এর যথাযথ প্রতিবাদ করব।