২৪ আগস্ট ২০২৬, ১৮:৩২

নবীন শিক্ষার্থীদের গেস্টরুমে র‍্যাগিং, ১৩ জনকে জরিমানা-হল থেকে বহিষ্কার

পবিপ্রবির লোগো  © সংগৃহীত ও সম্পাদিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা ও এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। সাতজনকে ১০ হাজার টাকা করে এবং তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অপর একজনকে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, গত ১২ আগস্ট রাতে বিজয়-২৪ হলে দ্বিতীয় সেমিস্টারের (সেশন ২০২৪-২৫) কয়েকজন শিক্ষার্থী নবাগত প্রথম সেমিস্টারের (সেশন ২০২৫-২৬) শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের মাধ্যমে র‍্যাগিংয়ে সম্পৃক্ত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর ২৪ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪৩তম সভায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা  হয়েছে।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে ইএসএডিএম অনুষদের প্রিয়ম কুমার সাহা ও কৃষি অনুষদের মো. আসিফ জাহানকে র‍্যাগিংয়ের পরিকল্পনা ও নেতৃত্ব প্রদান, সংঘটিত করা এবং সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের তৌফিক হোসেন আলিফ, মনুয়িম তাজওয়ার মাহি, সিএসই অনুষদের মো. আশরাফুল হক চৌধুরী, মো. সাকিব হোসেন মজুমদার, মো. মুমিনুল ইসলাম (সাকিব), উৎস বর্মন ও মো. নাহিমকে সক্রিয় অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জোবায়ের আহমেদ লিমন ও মো. রাজিব মিয়াকে র‍্যাগিংয়ে অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে একই অনুষদের লক্ষন চন্দ্র রায়কে র‍্যাগিংয়ে অংশগ্রহণের অভিযোগে অভিভাবকের উপস্থিতিতে প্রভোস্ট কার্যালয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, জরিমানার পাশাপাশি শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকের উপস্থিতিতে প্রভোস্ট কার্যালয়ে মুচলেকা দিতে হবে। নির্ধারিত শর্ত ভঙ্গ করলে তাদের এক থেকে তিন সেমিস্টার পর্যন্ত বহিষ্কার করা হতে পারে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততা প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কারের মতো শাস্তিও দেওয়া হবে।

হল থেকে বহিষ্কৃত দুই শিক্ষার্থীকে শাস্তির মেয়াদে ক্যাম্পাস ও হলে অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অফিস আদেশ জারির ১৫ কর্মদিবসের মধ্যে নির্ধারিত অর্থদণ্ডের টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে র‍্যাগিংয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হচ্ছে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, নতুন প্রশাসনের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার মান ও গুণগত দিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি  নবীন শিক্ষার্থীদের হল ও বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশনে প্রশাসনের পক্ষ থেকে র‍্যাগিংয়ের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানানো হয়। এরপরও কিছু শিক্ষার্থী এ ধরনের অপসংস্কৃতির সঙ্গে জড়িয়ে পড়ায় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কোনোভাবেই র‍্যাগিং বা এ ধরনের অপসংস্কৃতিকে প্রশ্রয় দেবে না। এ কারণে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে পর্যায়ক্রমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তির পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।