২৩ আগস্ট ২০২৬, ১৮:৩৫

যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদকজয়ীদের সংবর্ধনা

যবিপ্রবির কৃতী খেলোয়াড়দের জমকালো সংবর্ধনা  © টিডিসি ছবি

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এ সাফল্য অর্জনকারী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কৃতী খেলোয়াড়দের জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের পাশাপাশি কোচ, ম্যানেজার ও শরীরচর্চা শিক্ষা দপ্তরের সাবেক পরিচালকদেরও সম্মাননা দেওয়া হয়।

রবিবার (২৩ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় দেশসেরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যবিপ্রবির খেলোয়াড়রা মোট পাঁচটি ইভেন্টে চ্যাম্পিয়ন, পাঁচটি ইভেন্টে রানার-আপ এবং ছয়টি ইভেন্টে দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। এছাড়া বিভিন্ন ব্যক্তিগত ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি স্বর্ণ, দুইটি রৌপ্য ও দুইটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় মোট ১৫টি ইভেন্টের মধ্যে যবিপ্রবি ১১টিতে অংশ নেয়। এসব ইভেন্টে ৯৩ জন খেলোয়াড়ের একটি দল অংশগ্রহণ করে। দলের মধ্যে ৬৬ জন ছাত্র ও ২৭ জন ছাত্রী ছিলেন।

ইভেন্টভিত্তিক সাফল্যের মধ্যে ছাত্রী ফুটবল, ছাত্র হ্যান্ডবল, ছাত্রী হ্যান্ডবল, ছাত্র কাবাডি ও ছাত্রী সাঁতারে চ্যাম্পিয়ন হয় যবিপ্রবি। ছাত্র অ্যাথলেটিক্স, ছাত্রী অ্যাথলেটিক্স, ছাত্র সাঁতার, ছাত্র ভলিবল ও ছাত্রী ভলিবলে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে দলটি।

এ ছাড়া ছাত্রী ব্যাডমিন্টন, ছাত্র ফুটবল, ছাত্র তায়কোয়ান্দো, ছাত্রী তায়কোয়ান্দো এবং ছাত্র-ছাত্রী যৌথ টেবিল টেনিসে দ্বিতীয় রানার-আপ হয় যবিপ্রবি। ব্যক্তিগত ইভেন্টে জুডো প্রতিযোগিতায় ছাত্রীরা একটি স্বর্ণ এবং ছাত্ররা দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেন। পাশাপাশি ছাত্র বাস্কেটবল ও ছাত্র ব্যাডমিন্টন ইভেন্টেও অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের দল।

অনুষ্ঠানে কোচ ও ম্যানেজারদের মেধা, অভিজ্ঞতা, অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের সাবেক পরিচালকদেরও বিশেষভাবে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। খেলোয়াড়দের অর্জনের প্রশংসা করে তিনি বলেন, ‘খেলাধুলা শুধু শারীরিক বিকাশ ঘটায় না, এটি আমাদের নিয়মানুবর্তিতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতাও শেখায়। আমাদের শিক্ষার্থীরা মাঠের লড়াইয়ে যে দক্ষতা ও ক্রীড়াশৈলী প্রদর্শন করেছ, তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই অসাধারণ সাফল্য প্রমাণ করে যে যবিপ্রবির শিক্ষার্থীরা কেবল পড়াশোনায় নয়, ক্রীড়াঙ্গনেও দেশসেরা হওয়ার যোগ্যতা রাখে।’

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রায়হান রাকিব। শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।