নোবিপ্রবিতে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ঘটে যাওয়া ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে আহ্বায়ক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানকে সদস্য এবং প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গতকাল (১৭ আগস্ট) মধ্যরাতে ও এর জের ধরে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নোবিপ্রবি শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বহিরাগত এনে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই ঘটনায় এতে সাংবাদিকসহ মোট ৯ জন শিক্ষার্থী আহত হয় এবং একজন বহিরাগতকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।