আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন বুটেক্স
আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতর্ক দল ‘বুটেক্সডিসি বুনন’। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে শিরোপা জেতে দলটি।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার পাশাপাশি ‘আগামীর বাংলাদেশ: তারুণ্যের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ুম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড অ্যান্ড ইয়ুথ লিডারশিপের অ্যাডভাইজার ফারজুনী রেজা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম ও মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুল কাদির এবং এঞ্জেলস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও বেনজীর আরাফার। আলোচনা সঞ্চালনা করেন বন্ধুসভার বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক এসএম কামরুল ইসলাম।
সংসদীয় ধারার এ প্রতিযোগিতায় প্রথম পর্বে আটটি দল অংশ নেয়। সেখান থেকে চারটি দল পরবর্তী পর্বে উন্নীত হয়। পরবর্তী পর্বের বিজয়ী দুটি দল ফাইনালে মুখোমুখি হয়। চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে পরাজিত করে বুটেক্সডিসি বুনন চ্যাম্পিয়ন হয়।
আরও পড়ুন: অবসর সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন বুটেক্সের ৪৮তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল হাসান, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদ আল আশরাফি এবং ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ শহিদুল ইসলাম। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহিদুল ইসলাম।
বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির এটি প্রথম সাফল্য। বড় মঞ্চে বুটেক্সকে তুলে ধরতে পারা এবং প্রতিযোগিতামূলক বিতর্কে বুটেক্স ডিবেটিং ক্লাবের জয়ের ধারা অব্যাহত রাখতে পারায় আমি গর্বিত।’
সাধারণ সম্পাদক সাদ আল আশরাফি বলেন, ‘নিজের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে বিজয় অর্জন করা সব সময়ই গর্ব ও সৌভাগ্যের বিষয়। এই সাফল্য শুধু তিনজন বিতার্কিকের নয়; ক্লাবের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী সবার।’
ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘বুটেক্সডিসির জন্য কিছু করতে পারা সত্যিই এক অনন্য অনুভূতি। জাতীয় পর্যায়ে নিজের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের বিষয়।’
সমাপনী পর্বে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া বিতার্কিক ও বিচারকদের সম্মাননা দেওয়া হয়।