যবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসে বহিরাগতদের বিরুদ্ধে নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার ইলা বলেন, ‘যবিপ্রবির এক নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে মানসিকভাবে হয়রানি করা হয়েছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আশ্বাস দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে স্থগিত কর্মসূচি আবার শুরু হবে এবং ভুক্তভোগীর ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, শুক্রবার ক্যাম্পাসে বহিরাগত কয়েকজন যুবকের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তাসহ ১০ দফা দাবিতে ‘উন্নত মমশির’ ক্লাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়।
পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান জানান, অভিযুক্তদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের মাধ্যমে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাবে না মর্মে লিখিত মুচলেকা দিয়েছে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আশ্বাস দেন তিনি।