০৬ আগস্ট ২০২৬, ০৯:২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি বুয়েটের শ্রদ্ধা

বুয়েটের লোগো  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

গতকাল বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় অধ্যায়। শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে সমগ্র জাতির ন্যায়বিচার, বৈষম্যহীনতা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার গণআকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়।

বুয়েটের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আন্দোলনে আহত এবং সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, একটি বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানচর্চার কেন্দ্র নয়; এটি স্বাধীন চিন্তা, নৈতিক মূল্যবোধ, মানবিক মর্যাদা এবং দায়িত্বশীল নাগরিকত্ব বিকাশের অন্যতম ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাগুলো ‘সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং দৈনন্দিন কর্মকাণ্ডে প্রতিফলিত হওয়া উচিত।

বুয়েট পরিবারের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, মহান জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ও আদর্শ ধারণ করে সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

বিবৃতিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। পাশাপাশি তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত বুয়েট পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জানানো হয়।