০৫ আগস্ট ২০২৬, ০০:৫৮

ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষার্থী, সংবর্ধনা দিল প্রশাসন

উচ্চশিক্ষায় নিতে বিদেশগামী শিক্ষার্থীদের একাংশ   © টিডিসি ছবি

ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশগামী ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। একই সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে এবং স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া ও প্রস্তুতি সম্পর্কে ধারণা দিতে ‘হায়ার স্টাডিজ অ্যাবরোড: এ জার্নি টক’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সেমিনার অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী, চলতি বছরে ২৬ জন সাবেক শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। অনুষ্ঠানে তাদের হাতে ফুল, ক্রেস্ট এবং বিশ্ববিদ্যালয়ের স্মারক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়; অর্জিত জ্ঞান, গবেষণা এবং ইতিবাচক মানসিকতা দিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করাই প্রকৃত লক্ষ্য। বিদেশে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থী বাংলাদেশের এবং যবিপ্রবির প্রতিনিধি। তাই সততা, নৈতিকতা ও গবেষণায় উৎকর্ষের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। অন্য দেশের ইতিবাচক দিকগুলো গ্রহণ করলেও কোনো ধরনের অসততা বা শর্টকাটের আশ্রয় নেওয়া যাবে না।’

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পর সেই জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখলেই উচ্চশিক্ষার প্রকৃত মূল্যায়ন হবে। পৃথিবীর যেখানেই অবস্থান করা হোক না কেন, নিজের দেশের জন্য কাজ করার আত্মতৃপ্তির তুলনা হয় না।’

সেমিনারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান।

অনুষ্ঠানে ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া, বিভিন্ন দেশের স্কলারশিপের সুযোগ, আইইএলটিএস ও জিআরই প্রস্তুতি, গবেষণার অভিজ্ঞতা এবং উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা দেন। তারা বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং আবেদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ নিয়েও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালকবৃন্দ এবং উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. শাহনুর রহমান।