জার্নালিস্ট অব দ্যা ইয়ার পুরস্কার জিতেছেন ডেইলি ক্যাম্পাসের জাবিপ্রবি প্রতিনিধি বেলাল
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জার্নালিস্ট অব দ্যা ইয়ার-২০২৬’ সম্মাননা অর্জন করেছেন শিক্ষা, শিক্ষাঙ্গন ও তারুণ্যের আস্থার সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস এর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রতিনিধি মো. বেলাল হোসাইন।
রবিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত ‘Training on Basic Journalism, MoJo and AI Reporting’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ শাদিকুর রহমান এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ শাহজালাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম।
এবার চারটি ক্যাটাগরিতে মোট পাঁচজন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ‘জার্নালিস্ট অব দ্যা ইয়ার-২০২৬’ সম্মাননা অর্জন করেন ডেইলি ক্যাম্পাসের জাবিপ্রবি প্রতিনিধি মো. বেলাল হোসাইন এবং প্রতিদিনের কাগজ–এর ইয়াসির আরাফাত। বর্ষসেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে সম্মাননা পান বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম।
এছাড়া বর্ষসেরা ফিচার লেখক হিসেবে পুরস্কৃত হন দৈনিক যায়যায়দিনের মুসলিম ইবনে রবি এবং বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে সম্মাননা অর্জন করেন দৈনিক মুক্তকালের মো. নাইমুর রহমান।
দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, মোবাইল জার্নালিজম (MoJo) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আধুনিক রিপোর্টিংয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন জাবিপ্রবির বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. বেলাল হোসেন এবং আজকের পত্রিকা–এর সাংবাদিক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান রনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ তরুণ সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।