৩০ জুলাই ২০২৬, ২২:১০

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নোবিপ্রবির চার শিক্ষার্থী বহিষ্কার

নোবিপ্রবি লোগো   © টিডিসি সম্পাদিত

​নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। ​বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

যার মধ্যে দুই শিক্ষার্থীকে ১ (এক) বছর এবং বাকি দুই শিক্ষার্থীকে ৬ (ছয়) মাসের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য মনস্তাত্ত্বিক কাউন্সিলিং বাধ্যতামূলক করা হয়েছে।

​বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪০তম ও ৪১তম সভা এবং রিজেন্ট বোর্ডের ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন ও প্রাণিবিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন ১ বছরের (দুই টার্ম) জন্য এবং এফটিএনএস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন ও ফলিত গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (এমএস) একজন ৬ মাসের (এক টার্ম) জন্য বহিষ্কৃত হয়েছেন।

​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সেমিস্টার পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন ও অবৈধ কাগজপত্র ব্যবহার করে নকল করার দায়ে এসব শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষা বাতিলসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের ওই সেমিস্টারের অন্যান্য পরীক্ষার ফল বহাল থাকবে। তবে বহিষ্কারের মেয়াদ শেষে পুনরায় একাডেমিক কার্যক্রমে অংশ নিতে তাদের বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টের অধীনে তিনটি মনস্তাত্ত্বিক কাউন্সিলিং সেশন সম্পন্ন করে সনদপত্র জমা দিতে হবে।