সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে নাম ব্যবহার না করার আহ্বান নোবিপ্রবি উপ-উপাচার্যের
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোনো সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে তাঁর নাম ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে নোবিপ্রবির কোনো সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে এই মুহূর্তে যুক্ত থাকতে চাই না। তাই আজ থেকে নোবিপ্রবির কোনো সাংবাদিক সংগঠনকে উপদেষ্টা হিসেবে আমার নাম ব্যবহার না করতে অনুরোধ করবো।’
উপ-উপাচার্যের এ ঘোষণার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত থাকতে আগ্রহী নন। একই সঙ্গে তাঁর নাম ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।
খোঁজ নিয়ে জানা যায়, নোবিপ্রবিতে সম্প্রতি উপ-উপাচার্যকে উপদেষ্টা করে একটি সংগঠন বিভিন্ন জায়গায় নিজেদের সাংবাদিক সংগঠন হিসেবে পরিচয় দিয়ে আসছিল। সংগঠনটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো অনুমোদন না থাকলেও উপ-উপাচার্যের নাম ব্যবহার করা হয়। বিষয়টি উপ-উপাচার্যের নজরে আসলে তিনি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেন। তিনি বলেন, আমি সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে অবহিত করেছি। আমার নাম ব্যবহার করে কেউ কোনো কাজ না করার আহ্বান জানাচ্ছি।
এ ব্যাপারে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, তিনি একটি সংগঠনের উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন বিষয়টি গতাকল রাতে আমাকে অবহিত করেছেন।