৩০ জুলাই ২০২৬, ১৩:১৮

বুটেক্স সাংবাদিক সমিতির নতুন কমিটি, সভাপতি রাতুল, সম্পাদক মাহদী

সভাপতি রাতুল সাহা ও সাধারণ সম্পাদক মো. মাহদী হাসান  © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বাংলাভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাতুল সাহা এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মাহদী হাসান চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সহকারী নির্বাচন কমিশনার ড. মো. মুরাদ আহমেদ ও মো. সোহাগ বাবু নির্বাচনের ফল ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নবনির্বাচিত সভাপতি রাতুল সাহা ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মাহদী হাসান চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী।

এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আলভী আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. তারেক রহমান ও প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মো. রাফি সারোয়ার, দপ্তর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের শেফাক মাহমুদ, অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে এশিয়া পোস্টের প্রতিনিধি নাজমুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে খবর প্রতিদিনের প্রতিনিধি মো. শাহরিয়ার ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনসহ শিক্ষার্থীকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন, আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম, এমটেক্স সলিউশনস বিডি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. রাসেল আহমেদ, এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ এবং দৈনিক সমকালের সিনিয়র সাব-এডিটর মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহদী হাসান চৌধুরী বলেন, সমিতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে শেখার সুযোগ পেয়েছেন। সবার সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, দায়িত্বশীল ও কার্যকর করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

সভাপতি রাতুল সাহা বলেন, গঠনমূলক সাংবাদিকতার চর্চা এবং অপসাংবাদিকতা ও ভুল তথ্য প্রতিরোধের মাধ্যমে বুটেক্স সাংবাদিক সমিতিকে শিক্ষার্থীদের আস্থার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন।