নোবিপ্রবি থেকে কোষাধ্যক্ষ নিয়োগের দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিজস্ব একজন যোগ্য শিক্ষক থেকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কোষাধ্যক্ষ পদে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রার্থী হতে পারেন, তবে নোবিপ্রবির শিক্ষার্থী হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একজন যোগ্য শিক্ষককে এ পদে দেখতে চান। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা, প্রয়োজন, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে নিজস্ব শিক্ষকরা অধিক অবগত থাকেন। ফলে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষায় অভ্যন্তরীণ অভিজ্ঞতাসম্পন্ন একজন শিক্ষককে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া উচিত।
ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী জাহিদ বলেন, বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য ও উপ-উপাচার্য পদে যোগ্য শিক্ষক নিয়োগ পেয়েছেন। তাই কোষাধ্যক্ষ পদেও নোবিপ্রবির যোগ্য শিক্ষককে দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।
আরেক শিক্ষার্থী রিমন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বাস্তবতা ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে নিজস্ব শিক্ষকরা সবচেয়ে বেশি জানেন। তাই কোষাধ্যক্ষ পদে অভ্যন্তরীণ অভিজ্ঞতা, সততা ও যোগ্যতাসম্পন্ন একজন শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, গত ৭ জুন নোবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ মুরাদ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে কোষাধ্যক্ষ পদটি শূন্য রয়েছে। সম্প্রতি এ পদে অন্য একটি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নিয়োগ দেওয়ার আলোচনা শুরু হলে বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।