২৩ জুলাই ২০২৬, ১৬:৪৯

চাঁবিপ্রবিতে ভিসি ও প্রো-ভিসির যোগদান সম্পন্ন

ভিসি ও প্রো-ভিসি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান  © টিডিসি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম আতিকুর রহমান এবং উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন আনুষ্ঠানিকভাবে আজ (২৩ জুলাই) সকালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাদের নিয়োগের বিষয়টি জানানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম আতিকুর রহমানকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে একই আইনের ২১(১) ধারা অনুযায়ী উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভিসি অধ্যাপক ড. এম আতিকুর রহমানের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটবে। অপরদিকে, প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগপর্যন্ত যেটি আগে হবে—দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব পালনকালে তারা নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করবেন। এছাড়া রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবনিযুক্ত ভিসি ও প্রো-ভিসির নেতৃত্বে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা, গবেষণা এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।