জুলাই চেতনা ও স্মৃতিকে ধারণ করে রুয়েটে ২৪ প্রজাতির বৃক্ষরোপণ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে জুলাই চেতনা ও স্মৃতিকে ধারণ করে ২৪ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজশাহী শহর পরিষদের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
কর্মসূচি শেষে রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, স্মরণীয় জুলাই এ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে রুয়েট রাজশাহী শহর পরিষদের বৃক্ষরোপণের এর এ উদ্যোগ প্রশংসনীয় যেমন তেমন সামাজিক দায়িত্ববোধের অংশ যা এ প্রজন্মের দায়িত্ববোধ ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। তারই ধারাবাহিকতায় প্রতীকীভাবে ২৪টি গাছের চারা রোপণের স্মারক কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস এটি। গাছ যেমন ভবিষ্যতের নির্মল পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখে, তেমনি আমাদের প্রতিটি দায়িত্বশীল উদ্যোগই একটি সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারে। আমি আশা করি, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্যোগে সম্পৃক্ত করবে এবং জুলাইয়ের আত্মত্যাগের স্মৃতি ইতিবাচক সমাজ ও রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করবে।
এ সময় রাজশাহী শহর পরিষদের সভাপতি তালহা বিন কবির বলেন, জুলাই আন্দোলনের সংগ্রামী চেতনাকে ধারণ করে রুয়েটে প্রতীকীভাবে ২৪টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছি। আজ যখন তীব্র তাপদাহ ও অনিয়মিত বৃষ্টিপাত আমাদের পরিবেশের সংকটের কথা মনে করিয়ে দেয়, তখন একটি গাছ রোপণই হতে পারে সবুজ আগামী গড়ার ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ, গাছই আমাদের পরম বন্ধু।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জুলাই আন্দোলনের চেতনা ও স্মৃতিকে ধারণ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতীকীভাবে ২৪ প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। উল্লেখ্য প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাত্মতায় রুয়েট প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসে আরও ৫হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।