১৪ জুলাই ২০২৬, ১৬:৫২

পাবিপ্রবির নতুন দুই ভবনে ১০ লিফটের অর্ধেকই বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

একাডেমিক ভবনে বন্ধ লিফট  © টিডিসি

‎‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন দুটি একাডেমিক ভবনের অধিকাংশ সময় ১০টি লিফটের মধ্যে প্রায় অর্ধেকই বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একাডেমিক ভবন-২ (আই-শেইপ) এ মোট ৩টি লিফট রয়েছে। তবে অধিকাংশ সময় এর মধ্যে মাত্র ২টি চালু থাকে। অন্যদিকে একাডেমিক ভবন-৩ (ইউ-শেইপ) এ শিক্ষকদের জন্য নির্ধারিত একটি লিফটসহ মোট ৭টি লিফট থাকলেও সচল থাকে মাত্র ৪টি। ফলে প্রতিদিন হাজারো শিক্ষার্থীকে সীমিতসংখ্যক লিফট ব্যবহার করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

‎বিশেষ করে ক্লাস, ল্যাব, সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমের সময় লিফটের সামনে দীর্ঘ সারি তৈরি হয়। এতে নির্ধারিত সময়ে ক্লাস ও পরীক্ষাকক্ষে পৌঁছাতে হিমশিম খেতে হয় শিক্ষার্থীদের।

‎খোঁজ নিয়ে জানা যায়, লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যেই শিক্ষার্থীরা লিফটের ভেতরে আটকে পড়ছেন। এমন ঘটনায় কয়েকজন শিক্ষার্থী অসুস্থও হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে।

‎ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন  ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘প্রায় প্রতিদিনই লিফটের সামনে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। অনেক সময় ক্লাস বা পরীক্ষায় দেরি হয়ে যায়। নতুন ভবনে এসেও যদি এমন ভোগান্তি পোহাতে হয়, তাহলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে কীভাবে?’

‎সিএসই বিভাগের  শিক্ষার্থী জান্নাতুল নাইম বলেন, অনেক সময় লিফট হঠাৎ বন্ধ হয়ে যায় বা আউট অব সার্ভিস থাকে। লিফটে আটকে পড়ার ঘটনাও ঘটছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করে। দ্রুত সব লিফট সচল করে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

‎এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইঞ্জিনিয়ার (ইইই) মো. রিপন আলী বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত। এর আগে একাডেমিক ভবন-১-এ একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল, যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। বর্তমানে সেখানে নিয়মিত তিনটি লিফটই সচল রয়েছে। এ ছাড়া নতুন করে ১০ জন লিফট অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং কোনো ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের চেষ্টা করছেন। তবে সম্প্রতি ভবনগুলোর সমস্যার বিষয়ে আমি এখনো বিস্তারিত তথ্য পাইনি। আজকের তথ্য অনুযায়ী একটি লিফট ছাড়া বাকি সবগুলো লিফট সচল রয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘লিফট একটি যান্ত্রিক ব্যবস্থা হওয়ায় সময়ে সময়েই বিভিন্ন ধরনের ত্রুটি দেখা দিতে পারে। তাই স্থায়ীভাবে এ ধরনের সমস্যা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে নিয়োগপ্রাপ্ত অপারেটররা যদি দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাহলে যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সবগুলো লিফট সচল রাখতে এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে।’