সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডুয়েট উপাচার্যের শোক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, মহান ভাষা আন্দোলনের বীর সৈনিক, প্রথিতযশা আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।
রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় উপাচার্য বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি সততা, প্রজ্ঞা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর বিনয়, প্রজ্ঞা, সৌজন্যবোধ ও আন্তরিকতা সর্বমহলে সমাদৃত ছিল। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক, প্রাজ্ঞ ও অভিভাবকসুলভ রাজনীতিবিদকে হারিয়েছে, যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’
উপাচার্য বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র পরিচালনায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রসঙ্গত, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার (১২ জুলাই) মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।