মাভাবিপ্রবিতে বিশ্বকাপ খেলা দেখার সময় শিক্ষার্থীদের হাতাহাতি, রাতভর সংঘর্ষ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় দুই শিক্ষার্থীর কথাকাটাকাটিকে কেন্দ্র করে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ মোতায়েন করে।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপ শিক্ষার্থীদের জন্য উপভোগ্য করে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৭ জুলাই) রাতে খেলা দেখার সময় তৃতীয় অ্যাকাডেমিক ভবনের বড় পর্দার সামনে দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি হয় এবং সেই সূত্র ধরে খেলা শেষে তিন বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা চলে প্রায় ভোররাত পর্যন্ত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উভয় পক্ষের সংঘর্ষকালে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়ে পড়ে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মনির মোর্শেদ জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হাতাহাতির সূত্রপাত। প্রক্টোরিয়াল বডি ও শিক্ষকরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।