০৮ জুলাই ২০২৬, ০২:১৭

মাভাবিপ্রবিতে মিশর–আর্জেন্টিনার খেলা দেখার সময় দুপক্ষের সংঘর্ষ

মিশর–আর্জেন্টিনার খেলা দেখার সময় দুপক্ষের সংঘর্ষ  © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর আর্জেন্টিনা বনাম মিশরের হাইভোল্টেজ ম্যাচ দেখাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে  বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।  বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

জানা গেছে, মঙ্গলবার রাতে খেলা দেখার আয়োজন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনে। সেখান থেকে কথাকাটাকাটির রেশ ধরে প্রথম অ্যাকাডেমিক ভবনের দ্বিতীয় তলায় সংঘর্ষ ঘটে।

ম্যাচ চলাকালীন দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরবর্তীতে তা আইসিটি বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সংঘর্ষে গুরুতর আহত এফটিএনএস বিভাগের শিক্ষার্থী শামীমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও সংঘর্ষে কয়েকজনের মাথা ফেটে রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে।