জুলাই সনদ বাস্তবায়নের দাবি শাবিপ্রবি ইউটিএলের
জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা মাসে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা এবং জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে ইউটিএল শাবিপ্রবির শাখার আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব দাবি জানান সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৪ এর গণ-আন্দোলনের বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার সুরক্ষা এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার এ অবিস্মরণীয় সংগ্রামে যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, জাতি তাঁদের চিরকাল স্মরণ রাখবে। ইউটিএল শহিদদের রূহের মাগফিরাত কামনা করছে এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জ্ঞাপন করছে।
একইসঙ্গে, এই গণ-অভ্যুত্থানে আহত বীরদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে ইউটিএল। আহতদের অনেকেই এখনো শারীরিক ও মানসিক ক্ষত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের জন্য অনতিবিলম্বে উন্নত চিকিৎসা, পূর্ণাঙ্গ পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণ এবং সার্বিক রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে সংগঠন উল্লেখ করেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে জুলাই সনদের দ্রুত চূড়ান্তকরণ, অনুমোদন ও বাস্তবায়ন এখন সময়ের অপরিহার্য দাবি। পাশাপাশি, শহিদ পরিবারগুলোর দীর্ঘমেয়াদি আর্থিক, সামাজিক, শিক্ষাগত ও মানসিক সুরক্ষা নিশ্চিতে রাষ্ট্রকে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার তাগিদে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত সকল হত্যা, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। শহিদ পরিবারের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ, আহতদের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন সুনিশ্চিত করার মধ্য দিয়েই কেবল শহিদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করা সম্ভব।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা-ন্যায়বিচার, জবাবদিহিতা, মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ-বাস্তবায়নের মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এই লক্ষ্য অর্জনে রাষ্ট্র ও সমাজের সকল ইতিবাচক ও গণতান্ত্রিক উদ্যোগের প্রতি ইউটিএল পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছে। আমরা আশা করি, জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে শহিদ ও আহতদের এই আত্মত্যাগ জাতির জন্য স্থায়ী প্রেরণার উৎস হয়ে থাকবে।