চুয়েটে নবীনদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি হওয়া ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নবীনবরণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। আগামী রবিবার (৫ জুলাই) থেকে শুরু হবে তাদের নিয়মিত একাডেমিক কার্যক্রম।
নবীনদের স্বাগত জানাতে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন নতুন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নবীনবরণ অনুষ্ঠান দুই পর্বে আয়োজন করা হয়েছে। প্রথম পর্ব সকাল ৯টায় শুরু হবে। এ পর্বে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, জৈব চিকিৎসা কৌশল এবং ইলেক্ট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবেন।
দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। এতে পুরকৌশল, যন্ত্রকৌশল, পানিসম্পদ কৌশল, মেকাট্রনিক্স ও শিল্প প্রকৌশল, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস ও মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় নবীনবরণ শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের পরিচিতি ও দিকনির্দেশনামূলক সভায় যোগ দেবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরাও উপস্থিত থাকবেন।
আয়োজনের বিষয়ে অধ্যাপক মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আবহাওয়ার অনিশ্চয়তার কারণে এবার খোলা মাঠের পরিবর্তে মিলনায়তনে নবীনবরণের ব্যবস্থা করা হয়েছে। স্থানসংকুলানের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি দুই ধাপে আয়োজন করা হচ্ছে। প্রস্তুতির সব কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে বলেও তিনি জানান।
আরও বলা হয়েছে, নবীনবরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর শিক্ষার্থীদের দুপুর আড়াইটার মধ্যে নিজ নিজ আবাসিক হলে উপস্থিত হয়ে হল-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ জানুয়ারি চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টির ৯৩১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।