২৮ জুন ২০২৬, ১৬:৪২

মানের দিক থেকে মাভাবিপ্রবি অনেক ওপরে আছে: মাভাবিপ্রবি ভিসি

মাভাবিপ্রবি ভিসি  © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সাইবার সেন্টারের আয়োজনে International Symposium in AI Research and Graduate Scholarship Pathway (AIRGSP) 2026 অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বেলা ১১টায় আইসিটি বিভাগের সেমিনার গ্যালারীতে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, মানের দিক দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় অনেক ওপরে আছে, আরও ওপরে যেতে হবে, সেটা নির্ভর করছে তোমাদের ওপর। বিদেশ যাওয়া বা পড়ালেখা করাটা কঠিন কাজ নয়, এজন্য শর্তগুলো সম্পন্ন করতে হবে। তোমাদের পরিষ্কার লক্ষ্য থাকতে হবে যে, তোমরা কী হতে চাও? এ জন্য ঐকান্তিক প্রচেষ্টাও চালাতে হবে।

কী-নোট স্পিকার হিসেবে টিনিসি স্টেট ইউনিভার্সিটি, নাশভিল, ইউএসএ-এর শিক্ষক ড. রুহুল আমিন এবং টেকনিক্যাল টক হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটির মি. মাহমুদুজ্জামান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাইবার সেন্টারের পরিচালক প্রফেসর ড. জিয়াউর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম, আইসিটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনির মোর্শেদ ও রেজিস্ট্রার ড. সাজ্জাদ ওয়াহিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিম্পোজিয়ামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।