১৮ জুন ২০২৬, ১৮:৫২

‎কিউএস র‍্যাঙ্কিংয়ে জায়গা হয়নি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

‎‎বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ, স্বীকৃত ও প্রভাবশালী বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭ প্রকাশ করেছে। এবারের বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তবে দেশের অন্যতম প্রধান প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবার বৈশ্বিক এই তালিকায় জায়গা করে নিতে পারেনি।

র‌্যাঙ্কিং তালিকায় স্থান দেশের চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।

‎কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দ্বিতীয় অবস্থানে রয়েছে। বৈশ্বিক র‍্যাংকিংয়ে বুয়েটের অবস্থান ৭১১-৭২০ ব্যান্ডে। এ ছাড়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) রয়েছে ১৪০১+ ব্যান্ডে।

‎এবারের র‍্যাংকিংয়ে দেশের মোট ১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ তালিকায় আরও রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট, কুয়েট, চুয়েট ও আইইউটি জায়গা করে নিলেও রুয়েট এবার তালিকা থেকে বাদ পড়েছে।

আরও‎ পড়ুন: কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাবি, তালিকায় আরও এক ডজন বিশ্ববিদ্যালয়

‎এর আগে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬-এ রুয়েট ১৪০১+ ব্যান্ডে অবস্থান করেছিল। একই র‍্যাংকিংয়ে বুয়েট ছিল ৭৬১-৭৭০ ব্যান্ডে, আইইউটি ছিল ১২০১-১৪০০ ব্যান্ডে এবং কুয়েট ও চুয়েট ছিল ১৪০১+ ব্যান্ডে। দীর্ঘদিন আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে থাকা রুয়েট এবার সেই অবস্থান ধরে রাখতে পারেনি।

‎কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে। এর মধ্যে রয়েছে একাডেমিক সুনাম, নিয়োগদাতাদের কাছে সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি এবং টেকসই উন্নয়ন। এসব সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করে কিউএস প্রতিবছর এই র‍্যাংকিং প্রকাশ করে।

‎বিশ্বের অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং হিসেবে বিবেচিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭-এ এবার বিশ্বের ১ হাজার ৫০০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ১০৬টি দেশ ও অঞ্চলের বিশ্ববিদ্যালয়কে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান সক্ষমতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।