১৩ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট পেল রাবিপ্রবি
দেশের ১৩টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বনিম্ন বাজেট বরাদ্দ পেয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়টির বাজেট নির্ধারণ করা হয়েছে ৪৮ কোটি ৫৩ লাখ টাকা।
সম্প্রতি প্রকাশিত সরকারি বাজেট বরাদ্দের তথ্য অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ বাজেট পেয়েছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২১৯ কোটি ৪০ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যার বরাদ্দ ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা।
এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৩৩ কোটি ৪১ লাখ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২১ কোটি ২৯ লাখ টাকা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৮ কোটি ৩৪ লাখ টাকা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৫ কোটি ৭২ লাখ টাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৮ কোটি ৭৯ লাখ টাকা, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৬ কোটি ৭৫ লাখ টাকা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮৭ কোটি ৩২ লাখ টাকা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭৮ কোটি ৭৪ লাখ টাকা, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭১ কোটি ৮৬ লাখ টাকা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৮ কোটি ৫৪ লাখ টাকা এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৬৫ কোটি ৯ লাখ টাকা বাজেট পেয়েছে।
তালিকায় সবচেয়ে নিচে অবস্থান করছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পার্বত্য চট্টগ্রামের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তুলনায় প্রতিষ্ঠানটির বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কম।
এদিকে, সীমিত বাজেটের কারণে অবকাঠামো উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, নতুন বিভাগ চালু এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তারা বিশ্ববিদ্যালয়টির সার্বিক উন্নয়নের স্বার্থে বাজেট বৃদ্ধি করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পার্বত্য অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে তিনটি অনুষদের অন্তর্ভুক্ত পাঁচটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।