০৮ জুন ২০২৬, ১৫:০৭
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শুরু
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক আবেদন কার্যক্রমের প্রথম দিনেই শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগমে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ জুন) প্রায় সকাল ৯টা থেকেই ক্যাম্পাসে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে আসা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের তাদের অভিভাবকসহ ক্যাম্পাসে অবস্থান করতে দেখা যায়। এরপর সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ধাপে ধাপে প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে দেখা যায়। ভিড় থাকলেও প্রশাসনের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রিতভাবে সম্পন্ন হচ্ছে বলে জানা গেছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম মেরিটেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে বিষয় পেয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী মোহাম্মদ সিয়ামুল ইসলাম বলেন, ‘আমার বাসা সিরাজগঞ্জ থেকে এখানে এসেছি প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য। পরিবেশ ভালো এবং প্রশাসনের ব্যবস্থাপনাও সুশৃঙ্খল। ভিড় থাকলেও কাজ সুষ্ঠুভাবে এগোচ্ছে।’
টাঙ্গাইলের স্থানীয় ভর্তিচ্ছু শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘একই সময়ে এত শিক্ষার্থীর উপস্থিতি স্বাভাবিকভাবেই বেশি মনে হচ্ছে। তবে সার্বিক ব্যবস্থাপনা ভালো থাকায় খুব বেশি সমস্যা হয়নি।’
রংপুর থেকে আগত শিক্ষার্থী আবির হোসেন বলেন, ‘মাভাবিপ্রবি আমার পছন্দের তালিকার একটি বিশ্ববিদ্যালয়। এখানে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পেরে ভালো লাগছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কাগজ না জমা দিয়ে এখানে এসেছি। ইন শা আল্লাহ এখানেই পড়ব।’
ভর্তিচ্ছু শিক্ষার্থী আবিরের বাবা মো. রফিকুল ইসলাম বলেন, ‘ছেলের স্বপ্ন পূরণের আশায় অনেক দূর থেকে এসেছি। ভিড় থাকলেও প্রশাসনের সহযোগিতা ভালো লাগছে।’
আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থী নুসরাত জাহানের মা শারমিন আক্তার বলেন, ‘মেয়েকে নিয়ে এসে দেখলাম এখানে অনেক ভীড় তবে ভর্তি কার্যক্রম বেশ গোছানোভাবে চলছে। দায়িত্বপ্রাপ্তরা সহযোগিতা করছেন, এটা প্রশংসনীয়।’
জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে প্রাথমিক ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় জনবল ও ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সকল কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৬ই জুন শনিবার মাভাবিপ্রবি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত ফি পরিশোধ ও প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। প্রতি শিক্ষার্থীর জন্য ৫,০০০ (পাঁচ হাজার) টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই প্রক্রিয়া ৮ই জুন ২০২৬ থেকে ১১ই জুন ২০২৬ পর্যন্ত চলমান থাকবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০:০০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রাথমিক ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। কার্যক্রমের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স।
সর্বশেষ সংবাদ