২৪ মে ২০২৬, ২৩:৩৯

যৌন নির্যাতনের দায়ে সাময়িক বহিষ্কারের পর এবার ছাত্রত্ব বাতিল করল কুয়েট প্রশাসন

কুয়েট লোগো  © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী হাসিবুল হাসানকে যৌন নির্যাতনের দায়ে সাময়িক বহিষ্কারের পর এবার ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২১ মে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত হাসিবুল হাসান সিএসই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

গত ২৪ এপ্রিল অভিযুক্ত হাসিবুল হাসানের গুগল ড্রাইভে একাধিক ভিক্টিমের আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষণ করে রাখার বিষয়টি প্রকাশ্যে আসে। সেদিন বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে তার গুগল ড্রাইভ লগ-ইন থাকা অবস্থায় বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের নজরে আসে।

এসব তথ্য সামনে আসার পর শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের একটি দল ফজলুল হক হলে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় তার কঠোর শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা।

এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৫ এপ্রিল,২০২৬ তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করে এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত হাসিবুলকে সাময়িক বহিষ্কার করে। পরবর্তীতে তদন্ত কমিটির পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম শেষ হলে উক্ত তদন্তের ভিত্তিতে ২১ মে ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় বিশ্ববিদ্যালয় থেকে তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে এ ঘটনায় ফজলুল হকের ভেতরে ও বাইরে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে কয়েকজন শিক্ষার্থীকে আজীবনের জন্য হল বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে একাডেমিক বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।