কুয়েট শিক্ষার্থীর উপর যুবদল নেতাকর্মীদের হামলার অভিযোগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর উপর স্থানীয় যুবদল নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী জাহিদুর রহমান ইসিই-১৯ ব্যাচের শিক্ষার্থী। আজ ২৩ মে আনুমানিক রাত সাড়ে আটটায় খুলনা নগরীর ফুলবাড়ীগেট বাস কাউন্টার এলাকায় এ হামলা ঘটেছে বলে জানা গিয়েছে।
জাহিদুর রহমান ইতিপূর্বেও ২০২২ সালে ছাত্রলীগের হাতে নির্মম নির্যাতন ও মামলার শিকার হয়েছিলেন। হামলার শিকার হওয়া শিক্ষার্থী জাহিদুর রহমান জানিয়েছেন, তিনি বাসায় যাওয়ার জন্য ফুলবাড়ীগেট বাস কাউন্টারে টিকিট কাঁটতে গেলে খান জাহান আলী থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মাসুম,মাসুমের অনুসারী শুভ এবং খান জাহান আলী যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রবিউল ইসলাম তার পথরোধ করে। শুভ তাকে ফোন দেখাতে বলে এবং কতটি ফেসবুক আইডি চালান সেটা দেখাতে বলে। জাহিদুর রহমান বলেন কয়েকমাস ধরে তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট। তিনি ফেসবুক চালান না। এ কথা বলার সাথেই শুভসহ নাম না জানা কয়েকজন তার ফোন কেড়ে নেয় এবং একটা দোকানের পিছনে নিয়ে কাঠের লাঠি দিয়ে মারতে থাকে।
এ সময়ে তিনি চোখে এবং অন্যান্য জায়গায় আঘাতপ্রাপ্ত হন এবং তিনি তাদেরকে ধাক্কা দিয়ে দোকানের পিছন থেকে বাস কাউন্টারের সামনে চলে আসলে অপেক্ষারত অন্যান্যরা তাকে ধরে ফেলে এবং মাটিতে ফেলে এলোপাথারি পিটাতে থাকে। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। পরবর্তীতে কিছু লোক জড়ো হলে হামলাকারীরা তাকে চোর বলে অভিযুক্ত করে। তিনি নিজেকে কুয়েটের শিক্ষার্থী পরিচয় দিলে কয়েকজন লোক তাকে সিএনজি করে বের করে দেয়। তাকে সিএনজিতে উঠানোর সময়ও হামলাকারীরা তাকে মারতে থাকে বলে অভিযোগ জাহিদুরের।
পরবর্তীতে গুরুতর আহত হয়ে জাহিদুর নিকটস্থ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উল্লেখ্য এর আগেও যুবদল নেতা মাসুমের উপর একাধিক শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় এখনো ঝামেলা চলছে।