২২ মে ২০২৬, ১৯:৩৯

আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতায় তুরস্কের পথে রুয়েটের ‘টিম অগ্রদূত’

রোভার গবেষণা ও উদ্ভাবনী দল ‘টিম অগ্রদূত’  © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রোভার গবেষণা ও উদ্ভাবনী দল ‘টিম অগ্রদূত’ আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোভার প্রতিযোগিতা ‘অ্যানাটোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৬’-এ দলটি বিশ্বব্যাপী ১৩তম স্থান অর্জন করেছে।

‎শুধু তাই নয়, ডিজাইন ক্যাটাগরিতে ৫০-এর মধ্যে ৪৮ দশমিক ৫৯ নম্বর পেয়ে প্রতিযোগিতার অন্যতম সেরা স্কোর অর্জন করেছে দলটি। আগামী ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত তুরস্কের আঙ্কারায় অবস্থিত মিডল ইস্ট টেকনিক্যাল ইউনির্ভার্সিটি (মেটু) ক্যাম্পাসে প্রতিযোগিতাটির মূল পর্ব অনুষ্ঠিত হবে।

‎২০১৭ সালে প্রতিষ্ঠিত ‘টিম অগ্রদূত’ শুরু থেকেই দেশ-বিদেশের বিভিন্ন মর্যাদাপূর্ণ রোভার ও স্পেস রোবোটিক্স প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। ২০১৮ সালের ‘ইন্ডিয়ান রোভার চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে দলটি এশিয়ার শীর্ষ প্রতিযোগীদের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করে। এছাড়া ২০১৯ সালে পোল্যান্ডে অনুষ্ঠিত ‘ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ’-এ বিশ্বব্যাপী ২৭তম স্থান লাভ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার প্রমাণ দেয়।

‎পাশাপাশি ‘ইন্টারন্যাশনাল রোভার ডিজাইন চ্যালেঞ্জ (আইআরডিসি) ২০২৩’-এ দলটি বিশ্বে ১১তম এবং বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে ব্যাপক সাড়া ফেলে। একই ধারাবাহিকতায় ‘আইআরডিসি ২০২৫’-এ সেমিফাইনালিস্ট এবং ‘আইআরসি ২০২৫’-এ ফাইনালিস্ট হওয়ার মাধ্যমে দলটি বাংলাদেশের অন্যতম সফল রোভার টিম হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।

‎শুধু প্রতিযোগিতামূলক সাফল্যেই নয়, বাস্তব প্রযুক্তিগত উদ্ভাবনেও টিম অগ্রদূতের অবদান উল্লেখযোগ্য। ২০২৪ সালে দলটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি বোম্ব ডিসপোজাল রোবট তৈরি করে, যা তাদের বাস্তবমুখী প্রকৌশল দক্ষতা ও গবেষণা সক্ষমতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

‎দলটির মূল লক্ষ্য উন্নত অটোনোমাস রোভার প্রযুক্তি উন্নয়ন এবং তরুণ প্রকৌশলীদের হাতে-কলমে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবকদের অনুপ্রাণিত করাই তাদের মূল ভিশন।

‎বর্তমানে দলটি এআরসি ২০২৬-এর চূড়ান্ত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করছে