২১ মে ২০২৬, ১৫:৩৭

শাটডাউনের মধ্যে অবশেষে নিজ কার্যালয়ে ডুয়েট ভিসি

ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নবনিযুক্ত উপাচার্যকে   © সংগৃহীত

টানা শাটডাউন কর্মসূচির মধ্যেই অবশেষে নিজ কার্যালয়ে প্রবেশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে এসে দায়িত্ব পালন শুরু করেন তিনি।  এ সময় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়নি। তবে তাকে ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খসরু মিয়া এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

জানা গেছে, চলমান ভিসিবিরোধী আন্দোলনের কারণে গত কয়েকদিন ধরে ডুয়েট ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করে নিজ কার্যালয়ে যান। পরে শিক্ষক সমিতির নেতারা তাকে শুভেচ্ছা জানান এবং ফুলেল সংবর্ধনা দেন।

ভিসির আগমনের পরপরই ক্যাম্পাসের প্রধান ফটকে দীর্ঘদিন ধরে রাখা বিভিন্ন অবরোধমূলক আসবাবপত্র ও ব্যারিকেড সরিয়ে ফেলতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের। এতে মেইন গেট স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

এর আগে, উপাচার্য বিরোধী আন্দোলন ও পরবর্তী ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস প্রায় ফাঁকা হয়ে গেছে। গত ১৪ মে থেকে চলমান ভিসি বিরোধী আন্দোলনের কারণে ডুয়েটে অচলাবস্থার সৃষ্টি হয়। টার্ম ফাইনাল পরীক্ষা শেষ হওয়ায় একাডেমিক কার্যক্রম আগেই বন্ধ থাকলেও অফিস কার্যক্রম ২২ মে পর্যন্ত চলমান থাকার কথা ছিল। তবে ১৭ মে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

এরপর ১৯ মে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। ওইদিন সন্ধ্যা থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করেন। পরদিন (২০ মে) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই দেখা যায়নি বলে জানা গেছে। অধিকাংশ শিক্ষার্থীই আগের রাতেই ক্যাম্পাস ত্যাগ করেছেন।