ডুয়েটের বর্তমান ভিসির মেয়াদ পূর্ণ হওয়ার আগে কোনো পরিবর্তন চায় না শিক্ষক সমিতি
বর্তমান উপাচার্যের পূর্ণ মেয়াদ সম্পন্ন করা এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতি।
বুধবার (১৩ মে) ডুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত (০৫ মে) অনুষ্ঠিত সপ্তম সাধারণ সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়ার সভাপতিত্বে সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা উল্লেখ করেন, বর্তমান ভিসির মেয়াদ পূর্ণ হওয়ার আগে কোনো পরিবর্তন আনা হলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক, অ্যাকাডেমিক ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষকরা তাদের মতামতে জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ায় এর অভ্যন্তরীণ সিনিয়র ও অভিজ্ঞ শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অধিকতর অভিজ্ঞ। ফলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক হবে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বর্তমান ভিসির পূর্ণ মেয়াদ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হবে এবং ভবিষ্যতে ডুয়েটের অভ্যন্তরীণ যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের বিষয়টি সরকার ও উচ্চপর্যায়ের প্রশাসনের নিকট জোরালোভাবে উপস্থাপন করা হবে। সভা শেষে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থিতিশীলতা, উন্নয়ন ধারাবাহিকতা এবং অভ্যন্তরীণ নেতৃত্ব প্রতিষ্ঠায় তাদের ঐক্যবদ্ধ অবস্থান পুনর্ব্যক্ত করে।
উল্লেখ্য, ডুয়েটের বর্তমান ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন ২০২৪ সালের ২১ অক্টোবর এ পদে নিয়োগ পান। তিনি ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টর অধ্যাপক। পড়াশোনা করেছেন বুয়েট থেকে।