ছাত্র সংসদ নির্বাচন বানচালে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় প্যানেলের ভিপি দেলোয়ার হোসেন শিশির ও জিএস মুজাহিদুল ইসলামসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন ও শিক্ষার্থীদের ধারাবাহিক দাবির পর ঘোষিত শাকসু নির্বাচন একটি সুপরিকল্পিত রাজনৈতিক হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের মাধ্যমে স্থগিত এবং কার্যত বানচালের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের দীর্ঘসূত্রতা, নির্বাচন কমিশনের অস্থিরতা এবং পরবর্তীতে আদালতে রিট দায়েরের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয়।
এতে আরও বলা হয়, নির্বাচন কমিশনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি, রাজনৈতিক চাপ প্রয়োগ এবং বিভিন্ন সংগঠনের সমন্বিত অপতৎপরতা একটি অবাধ ও সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচনকে ব্যাহত করেছে। বিশেষ করে মমিনুর রশিদ শুভ, হাবিবুর রহমান হাসান ও আদনান মোহনসহ কয়েকজনের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করা হয়।
স্মারকলিপিতে দাবি করা হয়, হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়েছে এবং জাতীয় নির্বাচনও সম্পন্ন হয়েছে। বর্তমানে শাকসু নির্বাচন আয়োজনে কোনো আইনি বাধা নেই। তবুও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয় নাই।
এ অবস্থায় অবিলম্বে শাকসু নির্বাচন আয়োজন এবং নির্বাচন বানচালের সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় প্রশাসনকেই বহন করতে হবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।