০৫ মে ২০২৬, ১০:৫১

চাঁদাবাজি ও নির্মাণে অনিয়ম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ভুক্তভোগী-ছাত্রদলের

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রকল্প পরিচালক (পিডি) মো. ওবায়েদুল ইসলামকে তাঁর নিজ কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। ছাত্রদলের নেতারা চাঁদার দাবিতে অবরুদ্ধ করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর। তবে ছাত্রদলের নেতারা তা অস্বীকার করে এটিকে নিজেদের আন্দোলনের অংশ বলে দাবি করেছেন।

সোমবার (৪ মে) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে তালা খুলে দেওয়া হয়। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ছাত্রদলের নেতৃত্বে ১৫-২০ জন নেতা-কর্মী পিডির কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে তালা লাগিয়ে দেন। এতে তিনি প্রায় দুই ঘণ্টা কক্ষে অবরুদ্ধ থাকেন। অবরুদ্ধ অবস্থায় পিডি মো. ওবায়েদুল ইসলাম অভিযোগ করেন, চলমান প্রকল্পের কাজ থেকে ১ শতাংশ কমিশন দাবি করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’ তাঁর দাবি, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতেই তারা এ কর্মসূচি পালন করেছেন।

আরও পড়ুন: ছাত্রদলে পদ পাওয়া ৩২ জনের মধ্যে ১১ জনই ছাত্রলীগের

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি সমঝোতায় পৌঁছানোর পর পিডির কক্ষের তালা খুলে দেওয়া হয়। এরপর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, ‘এখানে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি রয়েছে। অভিযোগকারীরা যদি অভিযোগ লিখিত আকারে দেয়, তবে বিষয়টি বিশ্লেষণের জন্য একটি তদন্ত কমিটি গঠনে উপাচার্যের কাছে সুপারিশ করা হবে।’