০১ মে ২০২৬, ০০:৩৭

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রুয়েটের তিন বিভাগ

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রুয়েটের তিন বিভাগ  © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিনটি বিভাগ বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) পেয়েছে। 

স্বীকৃতিপ্রাপ্ত তিন বিভাগ হলো-ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং)। ৬ বছরের জন্য এই স্বীকৃতি অর্জন করেছে বলে জানা গেছে। 

সেক্টোরাল কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ৬ বছরের এই অ্যাক্রেডিটেশনের মধ্যবর্তী সময়ে ৩ বছর পর পুনরায় নিরীক্ষণ করা হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারে মোট চারটি বিভাগ অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ সকল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। তবে বিএইটিই-এর পর্যবেক্ষক দলের মূল্যায়ন প্রতিবেদন জমাদানে বিলম্ব হওয়ায় মেকানিকাল বিভাগকে এই  মিটিংয়ের এজেন্ডাভুক্ত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে অনুষ্ঠিতব্য পরবর্তী মিটিংয়ের মেকানিক্যাল বিভাগও অ্যাক্রেডিটেশনের আওতায় আসবে।

এই অ্যাক্রেডিটেশন প্রাপ্তির ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে স্বীকৃতি পেল। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আবেদনকালে বাড়তি গ্রহণযোগ্যতা পাবে, স্কলারশিপের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে। পাশাপাশি, কারিকুলাম ও শিক্ষাদানের গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকায় শিক্ষার সামগ্রিক মানোন্নয়নও নিশ্চিত হবে।

এ ছাড়া ভবিষ্যতে ওয়াশিংটন অ্যাকর্ড -এর মতো আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সম্পৃক্ততার সুযোগ তৈরি হলে এই স্বীকৃতি শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মসংস্থান ও পেশাগত স্বীকৃতি অর্জনের পথ আরও সহজ করবে।

উল্লেখ্য, বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মান নিশ্চিতে কাজ করে থাকে । ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর অধীন এ সংস্থাটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক প্রোগ্রাম মূল্যায়ন করে মানসম্মত হলে স্বীকৃতি প্রদান করে।