শিক্ষার্থীদের তোপের মুখে মাভাবিপ্রবি প্রক্টরের পদত্যাগ
নানা অভিযোগ, অনিয়ম, নথি গায়েব ও প্রশাসনিক বিতর্কের জেরে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, অধ্যাপক ড. ইমাম হোসেন আগের দাখিলকৃত অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বমুক্ত করা হয়। একই সঙ্গে প্রক্টরিয়াল কমিটির জ্যেষ্ঠ সদস্য ও সহকারী প্রক্টর মো. নান্নুর রহমানকে সাময়িকভাবে প্রক্টরের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এর আগে সোমবার (৬ এপ্রিল) প্রক্টরের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি তীব্র আকার ধারণ করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতীকী অবরোধ গড়ে তুললে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন পরিকল্পিতভাবে বিতর্কিত ও আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কয়েকজন শিক্ষককে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে এবং তাদের জন্য ‘সেফ এক্সিট’ নিশ্চিত করছে। বিশেষ করে ৫ আগস্টের আন্দোলনের বিরোধিতাকারী সাবেক সহকারী প্রক্টর শাকিল মাহমুদ শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, একাধিকবার লিখিত অভিযোগ জমা দেওয়ার চেষ্টা করলেও প্রশাসনের পক্ষ থেকে তা গ্রহণে গড়িমসি করা হয়েছে। এসব দাবির পরিপ্রেক্ষিতে প্রক্টরের অপসারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আলটিমেটাম দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না আসায় তারা আন্দোলন জোরদার করেন।
উল্লেখ্য, মো. নান্নুর রহমান বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক। একই সঙ্গে তিনি এত দিন প্রক্টরিয়াল কমিটির জ্যেষ্ঠ সদস্য ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।