ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর মাভাবিপ্রবিতে ঈদে বিশেষ খাবারের ব্যবস্থা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়।
অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয় বলেন, `অনেক শিক্ষার্থী পরিবার ছেড়ে এই ঈদে হলে অবস্থান করছেন। তাদের বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রত্যেক হলের পক্ষ থেকেই ইদের দিন দুপুরে খাবারের ব্যবস্থা করা হবে।'
এর আগে গত ১৭ মার্চ দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় `ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ'র বক্তব্যে, হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা না থাকার প্রসঙ্গ উঠে আসে।
পরবর্তীতে বিষয়টি নজরে আসার পর প্রশাসনের পক্ষ থেকে ঈদের দিন শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪ জন আনসার সদস্যও ক্যাম্পাসে অবস্থান এবং ঈদ পালন করবেন।