১৯ মার্চ ২০২৬, ১২:২০

`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'

অধ্যাপক জামিল সুলতান  © টিডিসি সম্পাদিত

গোটা বিশ্বের মুসলমানদের জন্য সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুটি, ঈদুল ফিতর ও ঈদুল আযহা। সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে প্রতি বছরই আসে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসবের তাৎপর্য, সময়ের সঙ্গে এর পরিবর্তন এবং সামাজিক প্রভাব নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হবিপ্রবি) সিএসই অনুষদের ডীন ও ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জামিল সুলতান।

তার মতে, রমজান মাস কেবল ধর্মীয় অনুশাসনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির একটি অনন্য সময়। সেহরি থেকে ইফতার পর্যন্ত প্রতিটি ধাপে মানুষ নিজেকে সংযত রাখতে শেখে এবং খারাপ কাজ থেকে বিরত থাকার চর্চা করে।

রমজানের সামাজিক দিক নিয়েও তিনি গুরুত্বারোপ করেন। ইফতারের সময় পরিবার ও বন্ধুদের একত্র হওয়া পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। একই সঙ্গে জাকাত প্রদানের মাধ্যমে সমাজের অসচ্ছল মানুষের মধ্যেও আনন্দ ছড়িয়ে দেওয়া সম্ভব হয় যা ইদের অন্যতম মৌলিক শিক্ষা।

শৈশবের ইদের কথা স্মরণ করে তিনি জানান, আগের দিনের ইদ ছিল অনেক বেশি সরল ও আন্তরিক। সাধারণ পোশাক পরে, কখনো খালি পায়ে ইদের মাঠে যাওয়ার মধ্যেও ছিল এক ধরনের নির্মল আনন্দ, যা বর্তমান সময়ে অনেকটাই পরিবর্তিত হয়েছে।

সময়ের পরিবর্তনের সঙ্গে ইদ উদযাপনের ধরনেও এসেছে ভিন্নতা। প্রযুক্তির অগ্রগতির ফলে এখন দূরের মানুষের সঙ্গে মুহূর্তেই যোগাযোগ সম্ভব হচ্ছে। যাতায়াত ব্যবস্থার উন্নয়নও ইদের আনন্দ ভাগাভাগিকে করেছে আরও সহজ।

তবে ব্যস্ত জীবনের মাঝেও ইদের দিনে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন। তার মতে, এ সময়টুকু পারিবারিক ও সামাজিক বন্ধনকে আরও গভীর করে তোলে।

সমাজে ইদের মূল বার্তা প্রসঙ্গে তিনি মনে করেন, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধই এই উৎসবের কেন্দ্রবিন্দু। এই মূল্যবোধগুলোকে আরও গভীরভাবে ধারণ করার প্রয়োজন রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তার আহ্বান শুধু আনন্দে সীমাবদ্ধ না থেকে ইদের শিক্ষাকে জীবনে ধারণ করা। মানবিকতা, সহানুভূতি ও দায়িত্ববোধের চর্চাই ইদের প্রকৃত সার্থকতা এনে দিতে পারে।

নতুন প্রজন্মের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ছোটবেলা থেকেই তাদের মাঝে ইদের প্রকৃত মূল্যবোধ তুলে ধরা জরুরি, যাতে তারা উৎসবের বাহ্যিক দিকের পাশাপাশি এর অন্তর্নিহিত শিক্ষাও উপলব্ধি করতে পারে।

সবশেষে তার অভিমত, সময়ের সঙ্গে ইদের বাহ্যিক রূপ পরিবর্তিত হলেও এর মূল চেতনা অপরিবর্তি মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধন গড়ে তোলা।