২১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৯

একুশ মানেই আত্মসম্মান ও আত্মত্যাগের প্রেরণা: চুয়েট উপাচার্য

প্রভাতফেরিতে উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূইয়াসহ চুয়েট পরিবারের সদস্যরা  © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার দিনের প্রথম প্রহরে সকাল ৮টা ২০ মিনিটে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রভাতফেরির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

প্রভাতফেরিতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ সময় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপাচার্য বলেন, একুশ মানেই আত্মসম্মান, একুশ মানেই আত্মত্যাগের প্রেরণা, একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান। ভাষার জন্য যে রক্ত ঝরেছে, সেই ভাষার মর্যাদা রক্ষা ও বিকাশ সাধনই হোক আমাদের অঙ্গীকার। ভাষার এই জয়যাত্রা হোক চিরন্তন ও অবিনাশী।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় বাংলা ভাষাকে বিজ্ঞান, প্রযুক্তি ও উচ্চশিক্ষার কার্যকর মাধ্যম হিসেবে সমৃদ্ধ করতে হবে। গবেষণা, উদ্ভাবন, জ্ঞান-বিজ্ঞান ও সৃজনশীল চর্চায় বাংলার ব্যবহার সম্প্রসারণ প্রয়োজন। বাংলা ভাষাকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও বাণিজ্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করাই হবে একুশের চেতনার যথার্থ বাস্তবায়ন। সর্বস্তরে শুদ্ধ ও প্রমিত বাংলার চর্চা নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা ভাষা শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

এ ছাড়া শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, কর্মকর্তা সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকরাম এবং কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্ত্তী নিজ নিজ সংগঠনের পক্ষে বক্তব্য দেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসহাব লাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা।

উল্লেখ্য, পুষ্পস্তবক ও আলোচনাসভা ছাড়াও দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভাষা শহিদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল, শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, ছড়া ও কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।