২৫ নভেম্বর ২০২৬, ১৬:২১

আমরণ অনশনে অসুস্থ শিক্ষক শিলা সরকার, ভর্তি ঢাকা মেডিকেলে

শিক্ষক শিলা সরকার  © সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শিলা সরকার নামে এক শিক্ষক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার (২৫ নভেম্বর) অনশন চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

এদিকে অনশনরত শিক্ষকদের সঙ্গে কথা বলতে বুধবার সন্ধ্যার আগে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবে যেতে পারে বলে জানা গেছে। মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, অনশনরত শিক্ষকদের সঙ্গে কথা বলতে সিনিয়র সচিব আবদুল খালেকের নির্দেশে একটি প্রতিনিধি দল প্রেস ক্লাবে যাওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘বদলির ফল প্রকাশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে কিছু জটিলতার কারণে এখনো ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সেই পথ খোঁজা হচ্ছে। সিনিয়র সচিব আবদুল খালেকের নির্দেশে একটি প্রতিনিধি দলের প্রেস ক্লাবে যাওয়ার কথা রয়েছে।’

এর আগে বুধবার দুপুরে অনশনরত শিক্ষকদের মধ্য থেকে চারজনকে আলোচনার জন্য ডাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের কক্ষে তাদের সঙ্গে কথা বলেন সংস্থাটির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান। তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয় আলোচনা।

প্রতিনিধি দলের সদস্য সহকারী শিক্ষক সেলিনা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরিচালক স্যার আমাদের বলেছেন, তারা বদলির বিষয়ে আন্তরিক। তবে কিছু জটিলতার কারণে বদলির ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ জন্য আরও কিছুদিন ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।’

জবাবে শিক্ষকরা জানান, বদলি না হওয়ায় তাদের পারিবারিক জীবন সংকটে পড়েছে। সন্তানদের ছেড়ে দূরে চাকরি করতে হচ্ছে, ভাঙনের মুখে পড়ছে সংসার। যেহেতু বদলির জন্য আবেদন নেওয়া হয়েছে, তাই দ্রুত ফল প্রকাশের দাবি জানান তারা। একই সঙ্গে তারা বলেন, অপেক্ষা করতে হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন চালিয়েই অপেক্ষা করবেন।

অনশনরত শিক্ষকদের দাবি, বদলির ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।