১৪ নভেম্বর ২০২৬, ১৭:২৭

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ 

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  © সংগৃহীত

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জের এটিইও মোহাম্মদ সিরাজুল ইসলাম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইনের এটিইও মো. মাহফুজ মিয়া।

নতুন এই কমিটি পরবর্তী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তবে পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে প্রকাশিত হবে। সম্প্রতি সংগঠনটির এক সভায় এ কমিটি গঠন করা হয়। আজ শনিবার (১৪ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনির চৌধুরী অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশ এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

এই নির্বাচনের সময়ে সারা দেশ থেকে আগত প্রায় তিন শতাধিক এটিইও উপস্থিত ছিলেন। সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদারের নেতৃত্বে এই নির্বাচন পরিচালিত এবং ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া এক যৌথ বিবৃতিতে সকল সদস্য, ব্যাচ প্রতিনিধি এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা জানান, আগামী দিনগুলোতে সংগঠনের সদস্যদের কল্যাণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন এবং প্রধানমন্ত্রীর প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।