৩০ অক্টোবর ২০২৬, ১৪:৫৯

অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শনিবার

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী  © সংগৃহীত

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন বাধাগ্রস্ত করার প্রতিবাদে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) জোটের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, দেশের সব উপজেলা, জেলা এবং জাতীয় প্রেসক্লাবের সামনে একযোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল ৩১ অক্টোবর (শনিবার) দেশের সকল উপজেলা, জেলা ও জাতীয় প্রেসক্লাবের সামনে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারি, ৯ম পে স্কেল অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিডি (এডমিন) মো. সামিউল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে শিক্ষকদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে গতকাল সন্ধ্যায় অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী একটি প্রতিবাদী পোস্ট দেন। আশ্চর্যজনকভাবে, এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে রাত ১১টা ২২ মিনিটে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হয়। এর আগে ১৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মাত্র ১৫ দিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, ডিআইএ-এর পরিচালক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককে দিয়ে তাঁর প্রতিষ্ঠান পরিদর্শন করানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ঘটনার সময়কাল, ধারাবাহিকতা ও অস্বাভাবিক দ্রুততা বিবেচনায় আমাদের আশঙ্কা, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে ব্যক্তিগতভাবে হয়রানি করা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে তাঁর প্রতিবাদী কণ্ঠস্তব্ধ করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এ ধরনের হয়রানিমূলক পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার, অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধ এবং ৪ নভেম্বরের পূর্বঘোষিত কর্মসূচি বানচালের যেকোনো অপচেষ্টা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। আগামীকাল (৩১ অক্টোবর) শনিবার সকাল ১০ থেকে ১ টার মধ্যে দেশের সকল উপজেলা ও জেলা পর্যায়ে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজনের জন্য এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং জোটভুক্ত সকল সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দসহ এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর প্রতি জোটের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। 

বিজ্ঞপ্তির শেষে বলা হয়, ‘আজ সকালে জোটের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামীকালকের মানববন্ধন সফল করি এবং ৪ নভেম্বরের অবস্থান কর্মসূচি সফল করার প্রস্তুতি আরও জোরদার করি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।