পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, দীর্ঘ ১১ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে দ্রুত প্রজ্ঞাপন জারি না হওয়ায় অনিশ্চয়তা বাড়ছে।
শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির (কেন্দ্রীয় কমিটি) আহ্বায়ক আবদুল মালেক ও সদস্যসচিব আশিকুল ইসলাম এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে সমিতির নেতারা সরকারের নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানান। এ উদ্যোগের জন্য সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
আরও পড়ুন: পে স্কেলের কাজ চলছে, গেজেট নিয়ে যা বললেন অর্থমন্ত্রী
তারা বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রত্যাশাকে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই বিভিন্ন পণ্য নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর প্রভাব শুধু সরকারি কর্মচারীদের ওপর নয়, সাধারণ মানুষের ওপরও পড়ছে। দীর্ঘসূত্রিতা এবং নানা ধরনের গুজবের কারণে সরকারি কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। তাই দ্রুত নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি সময়ের দাবি।
এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র দুই মিনিটের জন্য হলেও সাক্ষাতের সুযোগ চাওয়া হয়েছে। ওই সাক্ষাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ ১১ বছরের বঞ্চনা, বাস্তব জীবনসংগ্রাম, ন্যায্য প্রত্যাশা এবং নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে সংগঠনের মতামত ও প্রস্তাব সরাসরি তুলে ধরতে চান তারা।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আন্তরিক দিকনির্দেশনা এবং দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি দ্রুত পে-স্কেলের প্রজ্ঞাপন জারি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।