বিসিএস পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক কাশেম
বিসিএস পরিবার পরিকল্পনা অ্যাসোসিয়েশনের ১০ম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন এ কমিটি গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে ২০তম বিসিএস ব্যাচের কর্মকর্তা আ .ফ. ম. আরাফাত হোসেন সভাপতি ও ২৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মো. আবুল কাশেম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কমিটিতে ২২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জয়নুল আবেদীন সহ-সভাপতি-১ ও মোহাম্মদ কুতুব উদ্দিন চৌধুরী সহ-সভাপতি-২, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৩১তম ব্যাচের মীর মাসুদ রহমান ও শোভন কুমার ঘোষ দায়িত্ব পেয়েছেন। নবগঠিত এই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে জহিরুল আলম (৩১তম ব্যাচ) ও দপ্তর সম্পাদক হিসেবে শাহ মো. নূর দায়িত্ব পালন করবেন। এছাড়া অভিজ্ঞ ও নবীন কর্মকর্তাদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সদস্যদের পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পরিবার পরিকল্পনা সেবার গুণগত মান উন্নয়নে তারা নিবেদিতভাবে কাজ করবেন। পাশাপাশি সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও আধুনিক, কার্যকর ও জনমুখী করতে অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। টেকসই জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং জনকল্যাণে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।